নিয়ন্ত্রণ যখন ভালোবাসার ছদ্মবেশ নেয়
আমরা যখন সন্তানকে ভালোবেসে সব গুছিয়ে দিতে চাই, তার ছোটখাটো ভুলগুলো শুধরে দিতে প্রতিনিয়ত নিজেই খাটতে থাকি, তখন নিজেদের অজান্তেই আমরা অভিভাবকত্বের এমন এক মানসিক চক্রে আটকা পড়ে যাই, যা শিশুকে বিকাশের বদলে ভেতর থেকে দুর্বল করে ফেলে আর আমাদেরও কষ্ট বাড়িয়ে দেয়।
শিশুদের উপর অভিভাবকদের এই অতি-নিয়ন্ত্রণ এবং তার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে বহু গভীর গবেষণা হয়েছে।
ভালোবাসা ও সুরক্ষার দোহাই দিয়ে তৈরি হওয়া এই নিয়ন্ত্রণ কীভাবে শিশুর মানসিক জগতকে ক্ষতিগ্রস্ত করে, তা বুঝতে বিশিষ্ট মনোবিজ্ঞানীদের কালজয়ী কয়েকটি তত্ত্ব ও আধুনিক গবেষণা আমাদের চোখ খুলে দিতে পারে।
বাউমরিন্ডের প্যারেন্টিং স্টাইল: কর্তৃত্বপরায়ণ বনাম কর্তৃত্বসম্পন্ন অভিভাবকত্ব
১৯৬০-এর দশকে প্রখ্যাত আমেরিকান বিকাশমূলক মনোবিজ্ঞানী ডায়ানা বাউমরিন্ড (Diana Baumrind) অভিভাবকত্বকে তিনটি স্টাইলে ভাগ করেছিলেন।পরবর্তীকালে ১৯৮০-এর দশকে এলিনর ম্যাকোবি ও জন মার্টিন তাঁদের তত্ত্বে চতুর্থ আরো একটি স্টাইল যোগ করেন। সেগুলো হলো:
১. কর্তৃত্বপরায়ণ (Authoritarian): তীব্র নিয়ন্ত্রণ, কঠোর নিয়ম ও আজ্ঞাপালনের জোর থাকে, কিন্তু আবেগ, উষ্ণতা ও সংলাপের অভাব থাকে।
২. কর্তৃত্বসম্পন্ন (Authoritative): সুনির্দিষ্ট নিয়ম ও সীমানা থাকে, পাশাপাশি থাকে মমতা, যুক্তি, সমর্থন ও আবেগীয় উষ্ণতা।
৩. শিথিল (Permissive): অতিরিক্ত ছাড়, স্নেহ ও স্বাধীনতা থাকে, কিন্তু নিয়ম, সীমানা ও দায়িত্বের চাহিদা কম থাকে।
৪. উদাসীন (Neglectful/Uninvolved): নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, যত্ন ও ভালোবাসা—সবকিছুরই অভাব থাকে।
(প্যারেন্টিং স্ট্যাইলগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম না, যেহেতু আমরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলছি)
আমাদের আলোচিত মাইক্রোম্যানেজমেন্ট প্যারেন্টিং মূলত বাউমরিন্ডের প্রথম ধরনটি অর্থাৎ 'কর্তৃত্বপরায়ণ' (Authoritarian) অভিভাবকত্বেরই এক আধুনিক ও অতি-উৎসাহী রূপ।
মূলত এই ধরনের অভিভাবকত্বের মূল সুর হলো: "আমি যা বলছি সেটাই শেষ কথা, কেন বলছি তা প্রশ্ন করার অধিকার তোমার নেই।" এখানে সন্তানের কাছে প্রত্যাশার পাহাড় চাপিয়ে দেওয়া হয়, কিন্তু তার আবেগিক প্রয়োজন বা নিজস্ব দৃষ্টিভঙ্গিকে বোঝার মানসিকতা থাকে না।
এর বিপরীতে দাঁড়িয়ে আছে 'কর্তৃত্বসম্পন্ন' (Authoritative) অভিভাবকত্ব। এখানে অভিভাবক দ্বীন, নিরাপত্তা ও নীতি-নৈতিকতার সীমানা নির্ধারণ করে দেন ঠিকই, কিন্তু সেখানে কোনো অন্ধ হুকুম থাকে না। কেন নিয়মটা মানতে হবে তা সন্তানকে ভালোবাসার সাথে বুঝিয়ে দেওয়া হয় এবং তার নিজস্ব অনুভূতি ও রুচিকে সম্মান জানানো হয়।
বিশ্বজুড়ে দশকের পর দশক ধরে পরিচালিত গবেষণায় বারবার একটি সত্যই প্রমাণিত হয়েছে, দীর্ঘমেয়াদে যে শিশুরা সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী, মানসিকভাবে স্থিতিশীল, সৃজনশীল ও দায়িত্বশীল হিসেবে বড় হয়ে ওঠে, তারা কোনো অতি-নিয়ন্ত্রিত বা অবাধ ছাড় পাওয়া ঘরে নয়, বরং এই সুষম 'কর্তৃত্বসম্পন্ন' (Authoritative) পরিবেশেই বেড়ে ওঠে।
সেল্ফ-ডিটারমিনেশন থিওরি:
মনোবিজ্ঞানী এডওয়ার্ড ডেসি ও রিচার্ড রায়ান (Edward Deci & Richard Ryan) তাঁদের বিখ্যাত (Self-Determination Theory) বা 'আত্ম-নিয়ন্ত্রণ তত্ত্বে' মানুষের স্বাভাবিক মানসিক সুস্থতা ও বিকাশ অর্জনের জন্য তিনটি মৌলিক মনস্তাত্ত্বিক চাহিদার কথা বলেছেন:
১. স্বায়ত্তশাসন বা স্বাধীনতা (Autonomy): নিজের জীবন, সিদ্ধান্ত ও কাজের ওপর কিছুটা হলেও নিজস্ব নিয়ন্ত্রণ বা পছন্দের অধিকার থাকা।
২. সক্ষমতার অনুভূতি (Competence): "আমি নিজে কোনো কাজ একা করতে পারি বা আয়ত্ত করতে পারি"- এই আত্মবিশ্বাস তৈরি হওয়া।
৩. সংযুক্তির অনুভূতি (Relatedness): পরিবার বা সমাজের মানুষের সাথে ভালোবাসা, যত্ন ও সুদৃঢ় বন্ধনে যুক্ত থাকার অনুভূতি।
একজন অভিভাবক যখন মাইক্রোম্যানেজমেন্ট শুরু করেন, তখন তিনি সন্তানের সবচেয়ে বড় চাহিদাটি 'স্বায়ত্ত্বশাসন' (Autonomy) একেবারে গুঁড়িয়ে দেন।
সন্তান কোন জামা পরবে, কোন রঙের পেন্সিলে ড্রয়িং করবে, কীভাবে পড়ার ব্যাগ গুছাবে, প্রতিটি ছোট বিষয়ে যখন অভিভাবকের নির্দেশ চূড়ান্ত হয়ে দাঁড়ায়, তখন শিশুটির অবচেতন মনে বার্তা যায়: আমার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা নেই।
এর ফলে ডেসির দ্বিতীয় চাহিদাটি 'সক্ষমতার অনুভূতি' (Competence) গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। শিশুটি কখনো একা কোনো কাজ সম্পন্ন করার আত্মপ্রতিলব্ধি অর্জন করতে পারে না।
যে শিশু শৈশবে নিজের চামচটা কোন আঙুলে ধরবে তা নিয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে শেখেনি, বড় হয়ে সে যখন বাস্তব জীবনের কঠিন সামাজিক ও পেশাগত সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়াবে, তখন সিদ্ধান্তহীনতা ও তীব্র মানসিক উদ্বেগ তাকে গ্রাস করবে, এটাই মনস্তাত্ত্বিক বাস্তবতা।
আধুনিক রূপক: হেলিকপ্টার, স্নোপ্লাউ ও লনমোয়ার প্যারেন্টিং
মনোবিজ্ঞানের প্রাচীন গবেষণার পাশাপাশি সাম্প্রতিক সময়ে আধুনিক সমাজের অভিভাবকত্বের এই সংকটকে বোঝাতে গবেষক ও সামাজিক বিশ্লেষকেরা বেশ কিছু চমৎকার ও বাস্তবভিত্তিক রূপক ব্যবহার করছেন:
• হেলিকপ্টার প্যারেন্টিং (Helicopter Parenting): ঠিক যেমন মাথার ওপর হেলিকপ্টার অনবরত চক্কর কাটতে থাকে ও বিকট শব্দে নজরদারি চালায়, তেমনি কিছু অভিভাবক সন্তানের জীবনের ২৪ ঘণ্টা মাথার ওপর চক্কর কাটতে থাকেন। সন্তান কখন কী করছে, কার সাথে পড়ছে, কোন পেন্সিল দিয়ে লিখছে-সবসময় এই অতি-নজরদারির ফলে শিশু কখনোই নিঃশ্বাস ফেলার মুক্ত আকাশ পায় না।
• স্নোপ্লাউ প্যারেন্টিং (Snowplow Parenting) বা লনমোয়ার প্যারেন্টিং (Lawnmower Parenting): বরফ কাটার যন্ত্র যেমন রাস্তার সামনের বরফ ও বাধা সরিয়ে পথ পরিষ্কার করে দেয়, কিংবা ঘাস কাটার যন্ত্র যেমন সামনের ঘাস ছেঁটে মসৃণ পথ তৈরি করে, এই ধরনের বাবা-মাও তেমনি সন্তানের জীবনের সামনের প্রতিটি সম্ভাব্য কষ্ট, ভুল, প্রত্যাখ্যান, ব্যর্থতা বা জটিলতা আগেভাগেই নিজে সমাধান করে দেন। সন্তান যেন কোনো অস্বস্তি, হতাশা বা ব্যর্থতার মুখোমুখি না হয়, এই উদ্দেশ্যে তাঁরা সন্তানের পথের সব বাধা দূর করে দেন। এই অভিভাবকত্ব মূলত ভালোবাসা ও সুরক্ষার উদ্দেশ্য থেকেই শুরু হয়; তবে এতে সন্তান নিজে সমস্যা সমাধান, সিদ্ধান্ত নেওয়া এবং ব্যর্থতা থেকে শেখার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।
নামগুলো রূপক বা কৌশলগত দিক থেকে ভিন্ন হতে পারে, কিন্তু এদের পেছনের মূল সুরটি কিন্তু একদম এক: সন্তানকে নিজে হাঁটতে না দেওয়া, নিজে হোঁচট খেতে না দেওয়া এবং নিজের ভুল থেকে জীবনের অমূল্য পাঠ নিতে না দেওয়া।
সন্তানকে ভালোবাসা মানে তার চলার পথের প্রতিটি পাথর সরিয়ে দেওয়া নয়; বরং সন্তানকে ভালোবাসা মানে হলো, পথের পাথরে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর সে কীভাবে নিজের হাঁটু ঝেড়ে আবার শক্ত হয়ে দাঁড়াবে, পরম মমতায় তাকে সেই মানসিক শক্তি ও জীবনদক্ষতা অর্জন করতে শেখানো।