ডিজিটাল স্ক্রিনের বিষাক্ত ফাঁদ
আজকের আধুনিক যুগে এসে আমরা অভিভাবকেরা অজান্তেই আরেকটি মারাত্মক প্রযুক্তিগত ভুলের ফাঁদে পা দিচ্ছি। সন্তান যখন কোনো কৌতূহল নিয়ে আমাদের কাছে ছুটে আসে, তখন নিজেদের একটু অলসতা কাটাতে কিংবা তাৎক্ষণিক ঝুটঝামেলা এড়াতে আমরা পকেট থেকে চকচকে স্মার্টফোনটি বের করে ফেলি। ঝটপট গুগল, ইউটিউব বা বিভিন্ন এআই প্ল্যাটফর্মে সার্চ দিয়ে বাচ্চার সামনে রঙিন কোনো ভিডিও বা স্ক্রিন ধরিয়ে দেই।
তখন আমাদের মনের ভেতরে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে। আমরা মনে মনে ভাবি, বাহ্! আমি তো কত আধুনিক, ফাস্ট আর টেক-স্যাভি (Tech-savvy) অভিভাবক! বাচ্চা প্রশ্ন করার সাথে সাথেই তার চোখের সামনে ভিজ্যুয়াল উত্তর হাজির করে দিলাম!
কিন্তু একজন শিশু-মনোবিজ্ঞানীর চোখ দিয়ে যদি এই দৃশ্যটা দেখেন, তবে বুঝতে পারবেন, সন্তানের ভালো করতে গিয়ে আপনি আসলে তার চিন্তাশক্তির কত বড় মারাত্মক ক্ষতি করে ফেললেন!
মনস্তাত্ত্বিক বাস্তবতা হলো, ঝটপট ফোনের স্ক্রিন বাড়িয়ে দিয়ে আপনি শিশুটির নিজের মতো করে ভাবার সেই মহামূল্যবান সুযোগটাই কেড়ে নিলেন।
একটা শিশু যখন কোনো প্রশ্ন করে, তখন তার কাছে রেডিমেড উত্তর দ্রুত পৌঁছে দেওয়ার চেয়েও বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ হলো—উত্তরটি খুঁজে পাওয়ার জন্য তার মনের ভেতর যে ‘কৌতূহলের যুদ্ধ’ তৈরি হওয়ার কথা ছিল, তাকে সেই রোমাঞ্চকর পথটুকু পার হতে দেওয়া।
কৌতূহলের এই যুদ্ধ যখন শুরু হয়, শিশুটি তখন নিজের মতো করে ভাবতে থাকে। সে একটা কল্পনার জগৎ তৈরি করে, নিজের অভিজ্ঞতা দিয়ে একটা ভুল ব্যাখ্যা দাঁড় করায় এবং তারপর আবার নতুন উত্তর খোঁজার চেষ্টা করে। এই পুরো অমূল্য প্রক্রিয়াটিই তার মস্তিষ্কের কোষগুলোকে সজাগ, ধারালো আর শক্তিশালী করে তোলে। কিন্তু স্ক্রিনে দুই-তিন সেকেন্ডের মধ্যে তৈরি-করা উত্তর পেয়ে গেলে, তার ভেতরের সেই ভাবনার জগৎটা গড়ে ওঠার আগেই এক নিমেষে ধ্বংস হয়ে যায়।
সহজ ভাষায় বললে, ব্যাপারটা অনেকটা এমন—আপনি একটা বাচ্চাকে নিজে পায়ে হেঁটে পাহাড় চড়া শেখানোর বদলে, তাকে কোলে নিয়ে সোজা লিফটে করে পাহাড়ের চূড়ায় তুলে দিলেন। এতে সে হয়তো দ্রুত চূড়ায় পৌঁছালো ঠিকই, কিন্তু পাহাড় ডিঙানোর ফলে তার পায়ের পেশিগুলো যে মজবুত হওয়ার কথা ছিল, তা আর হলো না। সে রয়ে গেল আজীবনের জন্য পরনির্ভরশীল ও দুর্বল!
এই অংশটুকু পড়ে হয়তো অনেক অভিভাবক ভাবতে পারেন, তাহলে কি বাচ্চা কোনো প্রশ্ন করলেই তাকে উত্তর দেওয়া যাবে না? তাকে শুধু ঘুরাতে হবে? যদি সে জরুরি কোনো প্রশ্ন করে, তখন কী করব?
বিষয়টা কিন্তু মোটেও তেমন নয়।
আমি বলছি না যে সন্তান প্রশ্ন করলেই আপনি মুখে কুলুপ এঁটে বসে থাকবেন। অবশ্যই আপনি উত্তর দিবেন। কিন্তু সেই উত্তরটা দেওয়ার 'ধরনটা' বদলাতে হবে।
যদি বাচ্চার প্রশ্নটি হয় তার নিরাপত্তা বা জরুরি কোনো বিষয় নিয়ে—যেমন, "মা, ওই গ্যাসের চুলাটা লাল হয়ে আছে কেন?" কিংবা "বাবা, অপরিচিত লোক চকলেট দিলে খাবো কি না?"—তখন অবশ্যই সাথে সাথে তাকে উত্তর দিন। কারণ এখানে তার নিরাপত্তার বিষয়টি জড়িত।
কিন্তু প্রশ্নটি যদি হয় মহাবিশ্ব, বিজ্ঞান, প্রকৃতি, ধর্ম বা তার চারপাশের জগৎ নিয়ে—যেমন, "বৃষ্টি কীভাবে হয়?", "মাছেরা পানির নিচে কীভাবে বাঁচে?" বা "চাঁদটা কেন আমার সাথে সাথে হাঁটে?"—তখন তাকে সরাসরি উত্তর গিলিয়ে দেওয়ার আগে একটু ভাবার সুযোগ দিন।
তাকে হাসিমুখে জিজ্ঞেস করুন, মাশা'আল্লাহ, কী দারুণ প্রশ্ন! তোমার কী মনে হয় আম্মু? কেন এমন হয়? তাকে তার মতো করে একটি গল্প বা ব্যাখ্যা দাঁড় করাতে দিন। তার কল্পনাশক্তিকে ডানা মেলতে দিন। তারপর আপনি সঠিক উত্তরটি তাকে সুন্দর করে বুঝিয়ে বলুন।
উদ্দেশ্য হলো তাকে উত্তর থেকে বঞ্চিত করা নয়, বরং তাকে সরাসরি গন্তব্যে নামিয়ে দেওয়ার আগে, উত্তরের খোঁজে যাত্রাপথের আনন্দটুকু উপভোগ করার সুযোগ করে দেওয়া।
মূলত নিয়মিত এভাবে স্ক্রিন-নির্ভর উত্তর পাওয়ার ফলে শিশুটির মনের ভেতরে একপ্রকার মনস্তাত্ত্বিক অলসতা বাসা বাঁধে। ধীরে ধীরে সে নিজে থেকে গভীরে গিয়ে চিন্তা করার ক্ষমতা, সৃজনশীলতা আর বিশ্লেষণাত্মক দক্ষতা হারিয়ে ফেলে।
সে আর বুদ্ধিবৃত্তিক লড়াই চালাতে পারে না। সে পরিণত হয় শুধুই একজন 'প্যাসিভ কনজিউমার' বা নিষ্ক্রিয় তথ্য-গ্রহীতায়। স্ক্রিন যা তাকে দেখাচ্ছে, সে কেবল কোনো প্রশ্ন ছাড়াই তা গিলে নিচ্ছে। তার মধ্যে নিজস্ব কোনো মৌলিক চিন্তা বা প্রজ্ঞার জন্ম হচ্ছে না।
বই বা মুখোমুখি আলাপের সুবিধা হলো—সেখানে কল্পনা করার অসীম স্বাধীনতা থাকে। মা যখন গল্প বলেন, শিশু মনের ভেতরে নিজের মতো করে সেই কল্পনার রাজ্যটা একে নেয়। আর স্ক্রিনের ক্ষতিকর দিক হলো—সেখানে সব ছবি বানানোই থাকে, শিশুর কল্পনা করার পেশিগুলোকে তা চিরতরে অলস বানিয়ে দেয়।
তাহলে এমন পরিস্থিতিতে অভিভাবক হিসেবে আমাদের আসলে ঠিক কী করা উচিত?
উপায় কিন্তু খুব কঠিন কিছু নয়। সন্তানের মনের এই জীবন্ত কৌতূহলকে বাঁচিয়ে রাখতে হলে প্রথমেই আমাদের ডিজিটাল স্ক্রিনের এই বিষাক্ত ফাঁদ থেকে বের হয়ে আসতে হবে। আর সেটা করতে হলে আমাদের দৈনন্দিন অভ্যাসে খুব ছোট কিছু ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
প্রথমত, সন্তান যখন কোনো অদ্ভুত প্রশ্ন নিয়ে আপনার সামনে এসে দাঁড়াবে, তখন হাত থেকে ফোনটা একপাশে সরিয়ে রেখে সোজাসুজি তার সামনে গিয়ে বসুন। তার হাত দুটি পরম মমতায় নিজের হাতের মুঠোয় নিন, তার চোখে চোখ রেখে কথা বলুন।
বিশ্বাস করুন, আপনার কণ্ঠের ওম, ভালোবাসার স্পর্শ আর এই মুখোমুখি আন্তরিক আলাপের জাদুকরী অনুভূতিই শিশুর মনের আসল খোরাক যোগায়। পর্দার কোনো নির্জীব পিক্সেলের রঙিন ভিডিও কখনোই মা-বাবার এই ভালোবাসাময় স্পর্শের বিকল্প হতে পারে না।
দ্বিতীয়ত, উত্তরটা গুগলে সার্চ না দিয়ে তাকে সাথে নিয়ে বইয়ের পাতার অপরূপ জগতে প্রবেশ করুন। বাচ্চার হাত ধরে তাকে নিয়ে যান ঘরের বইয়ের তাকে কিংবা শহরের কোনো লাইব্রেরিতে। তাকে বলতে পারেন, চলো তো বাবা, এই রঙিন বইটার ভেতরে তোমার উত্তরটা লুকিয়ে আছে কি না আমরা দুজনে মিলে খুঁজে বের করি!
বইয়ের পাতা উল্টে উল্টে নিজে চেষ্টা করে তথ্য খুঁজে বের করার যে একটা অন্যরকম রোমাঞ্চ আছে, সেই আনন্দের স্বাদ তাকে পেতে দিন। এই অভ্যাসই তাকে আজীবনের জন্য বইপ্রেমী বানিয়ে দিবে।
একইসাথে, ঘরের কৃত্রিম চার দেয়াল আর ডিভাইসের যান্ত্রিক স্ক্রিন ছেড়ে সন্তানকে মাঝে মাঝেই মুক্ত আকাশের নিচে নিয়ে যান। ঘাসের ওপর খালি পায়ে হেঁটে বেড়ানো, গাছের পাতার ধরণ পর্যবেক্ষণ করা, গাছের কাণ্ডে পিঁপড়ার সারি দেখে ভাবা, কিংবা বিকেলের আকাশে মেঘের নানা আকৃতি বদলানো খেয়াল করা—প্রকৃতির এই প্রতিটি উপাদান শিশুর ভেতরের সুপ্ত কৌতূহলকে শত গুণ বাড়িয়ে দেয়। খোলা প্রকৃতিই তো আসলে শিশুর মনের সবচেয়ে বড় বিজ্ঞানাগার!
একটি কথা সব সময় আমাদের হৃদয়ে গেঁথে রাখা প্রয়োজন—সন্তানকে প্রয়োজনের খাতিরে প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো এক জিনিস, আর প্রযুক্তিকে সন্তানের নিজের চিন্তাশক্তির বিকল্প বানিয়ে ফেলা সম্পূর্ণ ভিন্ন জিনিস!
দিনশেষে আপনার এই অমূল্য সন্তানটিকে কি আপনি স্রেফ একটা যান্ত্রিক তথ্য-সংগ্রাহক বানাবেন, নাকি নিজ বুদ্ধিতে পথ চলা একজন প্রজ্ঞাবান ও স্বাধীন চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তুলবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্তটি কিন্তু আজ আপনাকেই নিতে হবে।